কুমিল্লা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রোজি আকতার। সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপির সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় কুমিল্লার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক উঠে আসে। সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি, চলমান প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া, সরকারি সহায়তা ও বিভিন্ন কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। সভায় জনসাধারণের হয়রানি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, প্রশাসনিক কর্মকাণ্ডে জবাবদিহিতা বাড়ানো এবং জেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া কুমিল্লার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা ২আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া,৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী,১১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,৭আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন,৪আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ,৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন,কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া,কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বাড়ী আবু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, র্যাব ১১ সিপিসি ২- এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম,কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ সহ কুমিল্লা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর