আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত বিভিন্ন বাজারের চার-পাঁচতলা ভবনের ছাদ বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ থেকে প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাতে হবে। এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করতে হবে।
চিঠিতে বলা হয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক ভবন এবং অন্যান্য আওতাধীন ভবনে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এসব ব্যবস্থায় অন্তত দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়বে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর বিধি ১০-এর (ঙ) ও (চ) অনুযায়ী হাট-বাজারের ইজারা থেকে পাওয়া আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট ও বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে এবং আরও ১০ শতাংশ উপজেলার আওতাধীন হাট-বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত রয়েছে।
এই অর্থ ব্যবহার করেই হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সব হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর