গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আমাদের একটু সময় দেন। এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে বিদ্যুতের এমন একটি অবস্থা তৈরি করব এবং শিল্পকারখানায় গ্যাসের এমন অবস্থা তৈরি করব যে, এক মিনিটের জন্যও যাবে না। তবে এ জন্য আমাদের এক-দুই বছর সময় দিতে হবে।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া বাজারে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য আগের আওয়ামী লীগ সরকারকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এই সমস্যাগুলো তৈরি করে গেছে, আমরা এর মধ্যে পড়ে গেছি। আমরা এগুলোর স্থায়ী সমাধানের জন্য ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি।’ তাঁর অভিযোগ, উচ্চমূল্যে বিদ্যুৎ আনার নামে আগের সরকার হাজার হাজার কোটি টাকা অনিয়ম করেছে।
আহমেদ আযম খান বলেন, সাগর থেকে তেল ও গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজও চলছে। বিদেশ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ আমদানি ও অনিয়ম বন্ধ করে দেশে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, তদবিরবাজি কিংবা জুলুম-নির্যাতনে জড়ালে সরাসরি তাঁর কাছে অভিযোগ করতে। তিনি বলেন, ‘কোনো জোর-জবরদস্তি চলবে না, চাঁদাবাজি চলবে না।’
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাবেক সভাপতি খোরশেদ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মন্ত্রী। পরে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর