রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মন্দিরছড়া এলাকায় দুই আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কুসমিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু গুরুতর গুলিবিদ্ধ হয়েছে। সে মাচালং বাজারসংলগ্ন ১ নম্বর মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে এবং স্থানীয় মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (জেএসএস)-সংশ্লিষ্ট সশস্ত্র দলগুলোর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে শিশুটি গুলিবিদ্ধ হয়। তবে সংঘর্ষের মূল কারণ ও সার্বিক পরিস্থিতি বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে মন্দিরছড়া ও মাচালং বাজার এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১ নম্বর মন্দিরছড়া পাড়ার কার্বারী মতেন্দ্র ত্রিপুরা বলেন, :আঞ্চলিক সংগঠনগুলোর এই যুদ্ধাবস্থায় সাধারণ মানুষকে বলির পাঁঠা হতে হচ্ছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খেটে খাওয়া জুমচাষী পরিবারগুলো না পারছে জুমে কাজ করতে, না পারছে চলাফেরা করতে। এমন পরিস্থিতিতে হাটে-বাজারে যেতে না পারায় পুরো পাড়ায় খাদ্যসংকট দেখা দিয়েছে।'
ত্রিপুরা সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত পাহাড়ে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। দুর্গম পার্বত্য এলাকার এই সংঘাত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যাচাইহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সতর্ক করেছে সচেতন মহল। অপপ্রচার ও গুজব ছড়িয়ে পরিবেশ যেন আরও উত্তপ্ত করা না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার্স ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক শিশু আহত হওয়ার খবর পেয়েছি। আমরা শিশুটির পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।'
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর