যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৫ প্রকাশ করেছে। মর্যাদাপূর্ণ এই তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১-১২০০ অবস্থানে থেকে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে।
বুধবার টিএইচই-এর আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই মূল্যায়ন করা হয়েছে।
টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বিশ্বজুড়ে সবচেয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংগুলোর অন্যতম। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এই তালিকায় মূল্যায়ন করা হয়। আইইউবিএটির এই অবস্থান শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং বৈশ্বিক সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও নার্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রায়োগিক শিক্ষার জন্য সুনাম অর্জন করেছে। রাজধানীর উত্তরায় অবস্থিত সবুজ ক্যাম্পাস, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণা ও সমাজসম্পৃক্ত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক উন্নতিতে ভূমিকা রেখেছে।
এই অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শিক্ষার উৎকর্ষ, উদ্ভাবন ও একটি বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আলিমুল্লাহ মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করছে। দক্ষ, নৈতিক ও বৈশ্বিকভাবে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই বিশ্ববিদ্যালয়টির মূল লক্ষ্য।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর