সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাদীপক্ষ ও আসামিপক্ষের মধ্যে আপস মীমাংসা হয়েছে। তবে আপসের পরও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে বিষয়টি জানানো হয়।
শুনানিতে বাদী মো. মাসুম বিল্লাহ বলেন, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে তার কোনো আপত্তি নেই।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আপসের ভিত্তিতে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি। শুনানিতে বাদী নিজে উপস্থিত থেকে দুই আসামির জামিনে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর