চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডাকাত আলম ও আজিজকে ধরতে রাউজান পুলিশের অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে ১৫ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড পিস্তল দিয়ে গুলি চালানোর কথা নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
এ সময় আলম ও আজিজ পাহাড়ি পথে পালিয়ে গেলেও দিলদার নামে তাদের সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিনি।
আজ এক প্রেসব্রিফিং এ পুলিশ সুপার জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ভোমরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত আলমের বাড়ির কাছে যেতেই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে৷ এ সময় পুলিশের সাথে তাদের গুলিবিনিময় শুরু হয়। একপর্যায়ে আলম ও আজিজ পাহাড়ি পথে পালিয়ে যায়।
অভিযানে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আলমের সহযোগী দিলদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি এলজি ও ১১৯ রাউন্ড এসএমজি'র গুলি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিং এ জেলা পুলিশের এসপি আরও জানান, আলম ও আজিজ বাহিনী শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলমের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। সম্প্রতিক অভিযানে রায়হান বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়লে ডাকাত আলম ও আজিজ বাহিনী বিস্তার শুরু করে৷ গত কিছুদিন আগে এই বাহিনী একজনের কাছে চাঁদাদাবি করেছিল৷
এসপি জানান, গ্রেপ্তার দিলদারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে৷ ধারণা করা হচ্ছে তাদের কাছে ভারী অস্ত্র থাকতে পারে৷ পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে৷
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর