ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা ক্রমাগত বাড়ছে। এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমাতে সুরক্ষা হিসেবে নাটোরে তালগাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি। গত ৪০ বছরে দেশে বজ্রপাতের হার ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বিবেচনায় ২০১৬ সালে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। মূলত মুক্ত মাঠে কাজ করা কৃষকরাই বজ্রপাতের প্রধান শিকার হন। এই প্রেক্ষাপটে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার রাতাল বাজার-কুমগ্রাম সংযোগ সড়কের দুই পাশে ২০০টি তালের চারা রোপণ করা হয়। চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের সচেতন করতে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল, স্কয়ার ক্রপ কেয়ারের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, জোনাল ম্যানেজার মুরাদ হোসেন, সেলস সার্কেল অফিসার কার্তিক সরকার রায়, ফিল্ড ম্যানেজার মো. আমিনুল ইসলাম, এসডিও নূর আলম এবং ব্যবসায়ী বাবলু মিয়া ও মেহেদী হাসান সবুজ।
আয়োজকরা জানান, বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও পরিবেশ সুরক্ষায় দেশের অন্যান্য অঞ্চলেও তালের চারা রোপণের এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর