ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীর সেতুর পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর পাশে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে কুলিক নদীতে বর্শি দিয়ে মাছ শিকার করতে যান স্থানীয় বাসিন্দা হালিমা বেগম। এ সময় তিনি দেখতে পান, সেতুর পাশে একটি নবজাতকের নিথর দেহ পড়ে আছে এবং একটি কুকুর সেটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে হালিমা বেগম তাৎক্ষণিকভাবে হাতে থাকা বর্শি দিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেন এবং নবজাতকটিকে রক্ষা করেন। পরে তিনি দ্রুত বিষয়টি তার ছেলে রবিউল ইসলামকে জানান।
খবর পেয়ে রবিউল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, "আমার মা যদি সঠিক সময়ে না দেখতেন, তাহলে কুকুরটি নবজাতকের দেহটি নষ্ট করে ফেলত। যারা এই নিষ্পাপ শিশুটিকে এভাবে ফেলে গেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা দরকার। এটি অত্যন্ত অমানবিক ও দুঃখজনক ঘটনা।"
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ আল বারী বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"
উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পাশের একটি গলির ময়লার ড্রেন থেকে একইভাবে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে জেলায় পরপর দুটি এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ, উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর