কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে সে পালিয়ে যায়। পুলিশ বলছে, পালিয়ে যাওয়া ইব্রাহীম অস্ত্রসহ আটক হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বৃহস্পতিবার দুপুরে বলেন, গত ২৫ সেপ্টেম্বর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে স্থানীয় লোকজন অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
ওসি বলেন, স্থানীয় লোকজনের মারধরে আহত হওয়ায় দুজনকেই চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামি ইব্রাহীম তখনো পুলিশ হেফাজতে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
আতিকুর রহমান মজুমদার বলেন, বুধবার রাতে একজন পুলিশ কর্মকর্তা ও দুজন পুলিশ সদস্য ইব্রাহীমকে পাহারা দিচ্ছিলেন। এ সময় কোনো একপর্যায়ে সে হাসপাতালের ওয়ার্ড থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজ করা হয়। তবে তার সন্ধান পাওয়া যায়নি।
ওসি বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর