খাগড়াছড়ির দীঘিনালায় প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন ও সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিতে দুই হাজার তিনশত কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেওয়া হয়।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা কার্যক্রমের প্রথম পর্যায়ে পার্বত্য জেলা খাগড়াছড়ির ৯টি উপজেলার মোট ১২ হাজার ৯১৬ জন কৃষককে এই কার্ডের আওতায় আনা হচ্ছে।
কৃষক কার্ড বিতরণের পাশাপাশি আজই উদ্বোধনী দিনে সুবিধাভোগী প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাঠপর্যায়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত উপস্থিত কৃষকদের হাতে এই কার্ড এবং আর্থিক অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ দীঘিনালা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, এই কৃষক কার্ডের মাধ্যমে পরবর্তীতে সরকারি বিভিন্ন প্রণোদনা, বীজ ও সার সরাসরি কৃষকদের দ্বারে পৌঁছে দেওয়া সহজ হবে, যা পার্বত্যাঞ্চলের কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর