জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীর ঝামেলা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আগের দিন থেকেই কুষ্টিয়ায় অবস্থান করছিলেন এবং জেলার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। এ সময় বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ তার সঙ্গে কোনো ঝামেলায় জড়াননি। রোববার রাতে তিনি এনসিপির নেতাকর্মীদের নিয়ে কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজারে যান।
তিনি বলেন, মাজারে গিয়ে নাসীরুদ্দীন ও তার সঙ্গে থাকা এনসিপির নেতাকর্মীরা সেখানে অবস্থানরত কয়েকজনের সঙ্গে সময় কাটান। পরে মাজার থেকে চলে আসার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এর সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
রাশেদ খাঁন আরও বলেন, ঘটনার বিষয়ে তিনি কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তাদের কারও নখদর্পণে ছিল না। এমনকি নাসীরুদ্দীন পাটওয়ারী যে লালন শাহের মাজারে গেছেন, সেটিও প্রশাসনের কাউকে অবহিত করা হয়নি।
তিনি প্রশ্ন তোলেন, একজন নেতা প্রশাসনকে অবহিত না করে যত্রতত্র চলাফেরা করতে পারেন কি না। তবে ঘটনা জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বলে জানান তিনি।
রাশেদ খাঁনের দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী পুলিশি নিরাপত্তায় কিছুটা পথ যাওয়ার পর গাড়ি পরিবর্তন করে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ঝিনাইদহের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী সঙ্গে সঙ্গে থানায় চলে গিয়েছিলেন। কিন্তু কুষ্টিয়ার ঘটনায় তিনি কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত চলে গেলেন, তা নিয়ে এক ধরনের সন্দেহ থেকে যায়।
এর আগে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।
পরে তিনি এ ঘটনায় এজাহার দিতে কুমারখালী থানার উদ্দেশে রওনা হন। হামলার ঘটনায় কারা জড়িত ছিলেন, তা নিয়ে বিভিন্ন পক্ষের কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর