চট্টগ্রাম নগর ভবনে অবস্থান করা সম্প্রতি খুলশী থানার পুলিশের ওপর হামলা, থানার ওসিকে অকথ্য ভাষায় গালাগালসহ প্রকাশ্য মারার হুমকি দাতা, অন্তত ১৭ মামলার আসামী স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়ে তাকে গ্রেপ্তার না করেই ফিরতে বাধ্য হয়েছে পুলিশ। ওয়াকিল হোসেন বগা চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত৷
গতকাল (৬ অক্টোবর) রাতে টাইগারপাসে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ে বগা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে পুলিশ নগর ভবনের অভিযান চালায়। তবে চসিক মেয়রের অনঢ় অবস্থানের কারণে পুলিশ সদস্যদের ভবনের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত বগাকে গ্রেফতার না করেই আইনশৃঙ্খলা বাহিনীকে শূন্যহাতে ফিরে আসতে হয়।
এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া নারী সংবাদ কর্মীসহ অন্তত দুইজন সাংবাদিককে হেনস্তা করেন মেয়রের অনুসারিরা৷ এক পর্যায়ে রাতে চসিক কার্যালয় ত্যাগ করার মুহুর্তে চসিক মেয়রের তোপের মুখে পড়েন গণমাধ্যমকর্মীরা৷ সংবাদ কর্মীরা কেন চসিক কার্যালয়ে এসেছেন জানতে চেয়ে চসিক মেয়র বলেন, "আপনারা এখানে কেন এসেছেন ? আপনাদেরকে তো কেউ আসতে বলেনি। সিটি করপোরেশনে একশ' মানুষ আসবে, আপনারা চলে যান।" এসময় এক নারী সংবাদকর্মী মেয়রের পেছনে থাকা একজনের বিরুদ্ধে তাঁকে পেশাগত কাজে বাঁধাদান ও হুমকি ধমকি দেয়ার অভিযোগ তুলেন৷
ঘটনাস্থল ত্যাগ করার সময় সংবাদ কর্মীদের এড়িয়ে চলে যান পুলিশের দ্বায়িত্বশীলরা। পরে এই ঘটনার বিষয়ে জানতে ডিসি-উত্তর কার্যালয়ে যায় সাংবাদিকরা। এ সময় সেখানে খুলশী থানার অফিসারসহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং চলছিল বলে জানা গেছে। প্রায় তিন ঘন্টা পর রার পৌনে ১২টায় ডিসি-উত্তর কার্যালয়ে নেই বলে জানান সেখানে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা।
এ বিষয়ে সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের সরকারি মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি৷ পরে তাঁকে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানতে চাওয়া হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে সিএমপি'র এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, "বিষয়টি আমাদের জন্য বিব্রতকর৷ চসিক কার্যালয়ে ওয়াকিল হোসেন বগা তার ভাই সহ অবস্থান করছে এমন সুনিদ্দিষ্ট তথ্য যাচাই করেই পুলিশ অভিযানে গিয়েছিল। কিন্তু চসিক মেয়রের অনুমতি না পাওয়ায় চসিক কার্যালয়ে প্রবেশ করতে পারেনি৷"
বগার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদক ও চাঁদাবাজিসহ অন্তত ১৭টি মামলা রয়েছে। সম্প্রতি জালালাবাদ এলাকায় ৩ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে এক ব্যক্তির ভাড়া বাসায় সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় বগাকে প্রধান আসামি করে ২৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ এই সাঁড়াশি অভিযান শুরু করে। মূল হোতা বগা গ্রেফতার এড়াতে পারলেও খুলশী থানা পুলিশ ইতিপূর্বে বিভিন্ন অভিযানে তার ৭ জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর