সুন্দরবনের শেলা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৭ অক্টোবর) রাতে মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ (এক্স), বিএন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে বুধবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যু মুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর