সড়ক অবরোধের কারণে রাঙ্গামাটির সাজেকে পর্যটকদের যাতায়াতে পরিবর্তিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নিয়মিত দুইবারের পরিবর্তে রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় একবার সরকারি নিরাপত্তা স্কর্ট পরিচালিত হবে। এ স্কর্টের মাধ্যমে সাজেকে অবস্থানরত পর্যটকেরা ফিরে আসতে পারবেন এবং নতুন পর্যটকেরাও সেখানে যেতে পারবেন বলে আশা করছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।
সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানান, সড়ক অবরোধের কারণে নিয়মিত দুই দফার পরিবর্তে দুপুর ২টায় একবার স্কর্ট চলবে। এর মাধ্যমে সাজেকে অবস্থানরত পর্যটকদের ফিরিয়ে আনা এবং নতুন পর্যটকদের সাজেকে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এর ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাজেকে অবস্থানরত পর্যটকদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা।
এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর