শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন পূজা মণ্ডপের অনুকূলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ও অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে জেলার মোট ৬৮টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির হাতে ২২ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ম্রাসা থোয়াই মারমা।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, 'পার্বত্য খাগড়াছড়িতে আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতির সাথে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সরকার এবং স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দিতে বদ্ধপরিকর।'
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ওয়ালী উল্লাহ সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে আগত ৬৮টি পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর