ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্রবার ও শনিবারের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পার্কটিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা মার্চ বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা জোরদার করতে সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে তিরঙ্গা মার্চের ডাক দিয়েছে দলটি।
এ ছাড়া ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সংগঠনটি।
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকায় সেন্ট্রাল পার্ককে কর্মসূচির স্থান হিসেবে বেছে নিয়েছে সিজেপি। শুক্রবারের এ কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা এবং আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কর্মসূচিতে অংশ না নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। অন্যদিকে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক বন্ধ থাকবে।
সিজেপির কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার। বৈঠক শেষে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আপাতত মেট্রো পরিষেবা বন্ধ করার পরিকল্পনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হলে শেষ পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে উপযুক্ত স্থানে জাতীয় পতাকা বহন ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর