সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, তাঁদের যোদ্ধারা ওই এলাকায় একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন।
রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬আই (AH-6i) মডেলের একটি রিকনাইস্যান্স হেলিকপ্টার।
বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধিক্ষেত্রভুক্ত একটি এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, নাজরানের কাছে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে তাঁদের যোদ্ধারা। তাঁর দাবি, হেলিকপ্টারটি সীমান্ত এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল।
তবে সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে বিধ্বস্ত হেলিকপ্টারটিকে এএইচ-৬আই রিকনাইস্যান্স হেলিকপ্টার হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে হেলিকপ্টারের ধরন ও দুর্ঘটনার কারণ নিয়ে জোটের বক্তব্য এবং হুতিদের দাবির মধ্যে পার্থক্য রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজরান অঞ্চলে ইরান-সমর্থিত হুতিদের হামলার ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত বাড়তে থাকায় অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
হুতিদের হেলিকপ্টার ভূপাতিত করার দাবির জবাবে রোববার তুর্কি আল-মালিকি অ্যাপাচি হেলিকপ্টারের একটি ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি হুতিদের দাবির সমালোচনা করে বলেন, তারা যে হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে, সেটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর