জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। ঘটনাটিকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করে আসিফের নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফ আকবর ও গুলিবিদ্ধ গাড়ির ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেন চিত্রনায়ক ওমর সানী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলি চালানোর সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তাঁর কোনো শারীরিক ক্ষতি হয়নি।
তবে কারা, কী উদ্দেশ্যে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পেছনে ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
জনপ্রিয় এই সংগীতশিল্পীর গাড়িতে গুলির ঘটনায় বিনোদন অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আসিফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর