কোনো সরকারই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত না করে সরকার বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার নামে আত্মতুষ্টিতে ভুগছে, আমরা বলতে চাই, তোমার কার্ড তুমি নাও, আমাকে আমার ন্যায্য মজুরি দাও।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় নেত্রকোনা পাবলিক হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নেত্রকোনা জেলা শাখা আয়োজিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, যে দেশের মায়েরা অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগেন, সে দেশে দুই হাজার টাকার কার্ড দিয়ে সরকার আত্মতুষ্টির ঢেকুর তুলছে। দেশের পোশাকশিল্প বিশ্বজুড়ে সুনাম অর্জন করলেও এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি মাত্র ১২ হাজার টাকা, অথচ শ্রমিকদের শ্রম ও অবদানের ওপর ভর করেই এ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কৃষক ও শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ধানের দাম কম হলেও বাজারে চালের দাম অনেক বেশি, সরকার কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এমনকি বলা হচ্ছে, এ কার্ড দিয়ে বৃষ্টি হবে কি না, সেটিও জানা যাবে, এসব কার্ডের প্রচারণার পরিবর্তে কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, টেম্পো স্ট্যান্ড থেকে হাটবাজার—সবখানেই চাঁদাবাজির বিস্তার ঘটেছে, মধ্যস্বত্বভোগীরা দিন দিন ধনী হচ্ছে, অথচ শ্রমিকরা শ্রম দিয়েও শ্রমিকই থেকে যাচ্ছেন। শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি ও শোষণের বিরুদ্ধে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোচ্চার ভূমিকা রাখবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেত্রকোনা জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. জিয়াউর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তৈয়ব, নেত্রকোনা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা সাদেক আহমাদ হারিছ, বিশেষ উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহান, চিকিৎসক ডা. ওমর ফারুক, জামায়াতের জেলা ইউনিট সদস্য ডা. আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রায় চার শতাধিক নেতাকর্মী অংশ নেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর