নেত্রকোনায় সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসেবামূলক স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সোমবার (২৬ অক্টোবর) তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম, জনসেবার মান এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, কাইলাটি ইউনিয়ন পরিষদ, ফচিকা ইউনিয়ন ভূমি অফিস ও একটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন। এ সময় তিনি সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের স্বচ্ছতা, সেবার মান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে তিনি পরিদর্শন করা প্রতিটি কার্যালয় প্রাঙ্গণে একটি করে বৃক্ষরোপণ করেন।
এদিকে, কাইলাটি ইউনিয়ন পরিষদে একটি নতুন লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক। স্থানীয় পর্যায়ে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এ লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরে তিনি আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রম বিকাশের লক্ষ্যে ভাষা, বিজ্ঞান, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা, সৃজনশীল কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সরকারি প্রতিটি সেবা স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুততার সঙ্গে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও দায়িত্বশীল আচরণ করতে হবে। জনসাধারণ যেন হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খানম।
তিনি সরকারি দপ্তরগুলোর সেবার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ সমৃদ্ধকরণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর