বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন বরিশল ইউনিয়ন গঠনের প্রতিবাদে কোড্ডায় হাজারো মানুষের বিক্ষোভ, আটকা একাধিক ট্রেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন বরিশল ইউনিয়ন গঠনের প্রতিবাদে এবার রেলপথ ও সড়কপথ একযোগে অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি অবরোধের কারণে সুলতানপুর-আগরতলা সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা কেবিন সংলগ্ন এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এতে হাজারো মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তাদের দাবি, এভাবে ইউনিয়ন বিভক্ত করার মাধ্যমে সদর উপজেলার ঐতিহ্য ও অখণ্ডতা ক্ষুণ্ন করা হচ্ছে।
এ সিদ্ধান্ত বাতিল করে বাসুদেব ইউনিয়ন অখণ্ড ও পূর্বের অবস্থায় পুনর্বহালের দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলন করেছেন স্থানীয়রা। তবে দাবি পূরণ না হওয়ায় এবার কঠোর কর্মসূচিতে নেমেছেন তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে রেলপথ অবরোধের কারণে উভয় দিক থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক কুমার বিশ্বাস। তিনি জানান, ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আটকা পড়েছে। এছাড়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এবং কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রায়ও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সড়ক ও রেলপথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একটি ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে এবার কার্যত অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ রেল ও সড়ক যোগাযোগ। কখন স্বাভাবিক হবে ট্রেন ও যান চলাচল, তা নিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।
সাজু/নিএ
সর্বশেষ খবর