নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে হাত বাঁধা অবস্থায় আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা বাড়ির ছাদে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার শেখ। সাধারণত সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরলেও ওই দিন তিনি আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার ব্যবহৃত অটোভ্যানটি পাওয়া যায়। তবে চালক আজিবারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং কীভাবে ওই বাড়ির ছাদে তার মরদেহ পৌঁছাল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।'
কুশল/সাএ
সর্বশেষ খবর