• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০২:৩২ দুপুর

হাওরাঞ্চলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবিতে স্মারকলিপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

হাওরাঞ্চলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবিতে স্মারকলিপি সুনামগঞ্জ প্রতিনিধি হাওরাঞ্চলে উৎপাদিত বোরো ও আমন ধানসহ কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃষকের স্বার্থ রক্ষায় ছয় দফা দাবি জানিয়েছেন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ’। এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তারিখে দেওয়া স্মারকলিপিটি সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য উল্লেখ করা হয়েছে। এর অনুলিপি কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সিলেট বিভাগীয় কমিশনারের কাছে পাঠানোর জন্য উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, দেশের খাদ্যনিরাপত্তায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ হাওরাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে কৃষকরা বোরো ও আমন ধান উৎপাদন করলেও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কার্যকর পদক্ষেপ না নিলে হাওরের কৃষি ও কৃষকদের টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—সরকারি ধান ক্রয় প্রক্রিয়ায় সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও সংরক্ষণ ব্যবস্থা, কৃষিপণ্যের প্রকৃত মূল্য নির্ধারণ ও বাজারব্যবস্থা উন্নয়ন, সহজ শর্তে কৃষিঋণ ও শস্যবীমা চালু, বাজার তদারকি ও সিন্ডিকেট দমন এবং প্রযুক্তি ও কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি। সরকারি ধান ক্রয় ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী ও ফড়িয়াদের দৌরাত্ম্য কমিয়ে ইউনিয়ন পর্যায়ে কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি করে সরাসরি ধান কেনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আগাম বন্যার ঝুঁকি বিবেচনায় বৈশাখ মাসের শুরুতেই সরকারি ধান সংগ্রহ কার্যক্রম চালু এবং হাওরাঞ্চলের জন্য ধান ক্রয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ধানের আর্দ্রতার কারণে সরকারি গুদাম থেকে ফিরিয়ে না দিয়ে আর্দ্রতার অনুপাতে মূল্য নির্ধারণ করে ধান কেনার দাবিও রয়েছে।

অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সময়মতো টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ, হাওরের ভেতরে সাবমার্জিবল সড়ক ও ধান শুকানোর জন্য উঁচু খলা নির্মাণের কথা বলা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় আধুনিক ধান সংরক্ষণাগার বা প্যাডি সাইলো এবং ধান শুকানোর মেশিন স্থাপনের দাবি জানানো হয়েছে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে পাইকারি বাজারের সঙ্গে কৃষকদের সংযোগ স্থাপন এবং সরকারি কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে বাজারজাতকরণে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

আর্থিক সহায়তার বিষয়ে সহজ শর্তে স্বল্প সুদে পর্যাপ্ত কৃষিঋণ এবং আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির ক্ষতি মোকাবিলায় হাওরাঞ্চলে শস্যবীমা চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মিল মালিক ও বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা এবং উৎপাদন খরচ বিবেচনায় কৃষকের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ লাভ নিশ্চিত করে সরকারি ধানের ক্রয়মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও উচ্চ মজুরি মোকাবিলায় কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিনে সরকারি ভর্তুকি বাড়ানো এবং এসব যন্ত্রের মেরামতসেবা সহজলভ্য করার দাবি জানানো হয়েছে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন , হাওর ও নদী রক্ষা আন্দোলন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মছিহুর রহমান রাসেল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]