• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৭ দুপুর

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ছবি: সংগৃহীত

নড়াইলে শেখ হাসিনার মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার সকালে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) পরোয়ানা তামিল করতে তাঁর বাসায় যান। ওই সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান।

এসআই তাঁকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই পুলিশ বাসায় এসেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলার অন্য দুই আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।

মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।

এদিকে, মামলাটির কার্যক্রম স্থগিত থাকার পরও এ মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয় বলে উল্লেখ করা হয়েছে। ২০১০ সাল থেকে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা ও মানহানির অভিযোগে মামলা করেন। এসব মামলার কয়েকটিতে আদালতের রায়ও হয় এবং তাঁকে সাজা ভোগ করতে হয়। বিনা বিচারে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা একটি মামলায় আত্মসমর্পণ করেও কারাগারে যেতে হয় মাহমুদুর রহমানকে।

এদিকে, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]