ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। সংস্থার দাবি, এসব অস্ত্র সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গোপনে ওই বাড়িগুলোতে মজুত করে রেখেছিল। আলজাজিরা এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস রয়েছে, যা বিক্ষোভের আড়ালে সহিংস কার্যক্রম চালানোর উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে তারা মনে করছেন।
এদিকে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, বিক্ষোভকারীদের দিকনির্দেশনা দিতে বিদেশ থেকে আসা ফোনকলের অডিও রেকর্ডিং সরকারের হাতে রয়েছে। তার অভিযোগ, এসব কলের মাধ্যমে দেশের বাইরে থেকে আন্দোলনকারীদের উসকানি ও নির্দেশনা দেওয়া হচ্ছিল।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এসব দাবি সামনে এলো। নিরাপত্তা পরিস্থিতি ঘিরে এরই মধ্যে দেশটির কর্তৃপক্ষ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করে আসছে। অন্যদিকে মার্কিন হামলার আশঙ্কাও বাড়ছে। তবে ইরানি ক্ষমতাসীনরা পাল্টা হুমকি দিয়ে বলেছে, যে কোনো ধরনের বিদেশি আক্রমণ রুখে দিতে তারা প্রস্তুত।
কুশল/সাএ
সর্বশেষ খবর