বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, “এই নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন। ১৯৭১ সালে যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সে লক্ষ্য অর্জিত হয়নি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রবর্তক।”
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে প্রতিহত করতে ছাত্রদের নিয়ে বিএনপি গড়ে তুলেছিলাম। ধীরে ধীরে দলকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপসহীন, অসাম্প্রদায়িকতায় বিএনপি আপসহীন, উন্নয়নের প্রশ্নেও আমরা আপসহীন।”
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই এখানে একসঙ্গে বড় হয়েছে। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, তারা দেশ ও ঠাকুরগাঁওয়ের ক্ষতি করবে।”
তিনি অভিযোগ করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। অথচ একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। একাত্তরকে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলবো।”
গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “ভোটাধিকার আদায়ের জন্য আমাদের দীর্ঘ সময় ধরে সংগ্রাম করতে হয়েছে। অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের বিনিময়েই আজ আমরা এই নির্বাচন পেয়েছি।”
ধর্মের অপব্যবহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, “ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ভোট একটি আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদের মুখে পড়তে পারে।”
উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগির।
নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর