বরগুনার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সংরক্ষিত নারী আসনে নূর শাহানা হককে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় পর্যায়ে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে কর্মরত থাকা এবং তৃণমূল পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে নূর শাহানা হক বরগুনাবাসীর কাছে একটি পরিচিত ও আস্থাভাজন নাম। শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়রা জানান।
অবসর গ্রহণের পর তিনি পুরোপুরি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি বিশ্বাস করেন, “মানুষ গড়লেই সমাজ বদলায়, দেশ বদলায়।” এই দর্শনকে সামনে রেখেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরগুনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফজলুল হক ছগিরের সহধর্মিণী। রাজনৈতিক অঙ্গনে ত্যাগ ও আদর্শের জন্য পরিচিত ফজলুল হক ছগিরের কর্মজীবন নূর শাহানা হকের রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে স্থানীয়রা মনে করেন।
ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সহকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছান, দলীয় বার্তা পৌঁছে দেন এবং জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় স্থানীয়দের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ও সম্পৃক্ততা প্রশংসিত হয়।
বরগুনার বিভিন্ন এলাকার বাসিন্দারা মনে করেন, রাজনৈতিক নেতৃত্ব মানে ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের কল্যাণে দায়িত্ব নেওয়ার সক্ষমতা। অবহেলিত জনগোষ্ঠী, অসহায় নারী ও তরুণ সমাজের পাশে দাঁড়ানোই নূর শাহানা হকের রাজনীতির মূল লক্ষ্য বলে তারা জানান।
হাট-বাজার, চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠান ও সভাসমাবেশে সাধারণ মানুষের কাছ থেকে একটাই দাবি উঠে আসছে—নূর শাহানা হককে সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হোক।
এ বিষয়ে সরকারি বা দলীয় পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, জনমত, স্থানীয় প্রতিক্রিয়া এবং দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই তার সম্ভাবনা নির্ভর করবে।
নূর শাহানা হক বলেন, রাজনীতি মানে মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। সততা, সাহস ও ভালোবাসার মাধ্যমে মানুষের সেবা করাই তার অঙ্গীকার। তিনি মনে করেন, জনগণের সমর্থন ও দোয়াই তার সবচেয়ে বড় শক্তি।
স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে বরগুনার অবহেলিত জনগোষ্ঠী আরও সচেতন ও সংগঠিত হবে এবং সমাজে নতুন আশার সঞ্চার ঘটবে। আগামী দিনে বরগুনা ও দেশ গঠনে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করে যেতে চান বলে তিনি জানিয়েছেন।
সবশেষে, নূর শাহানা হক জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি জাতীয় সংসদ-এ বরগুনার মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে প্রস্তুত।
কুশল/সাএ
সর্বশেষ খবর