চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত। তবে পরে তিনি বক্তব্য পরিবর্তন করে জানান, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত ছিল।
এবার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার অভিযোগ, বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল সত্য বলেননি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন বলেন, “উনি সরাসরি এমন মিথ্যা কথা বলবেন, আমি কল্পনাও করতে পারিনি। এখন আমি ছেলেদের সামনে কীভাবে মুখ দেখাবো? তিনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন—এটা আমরা মেনে নিতে পারছি না।”
তিনি আরও জানান, “আমি জানি আমার দুজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা কোথায় যেন হারিয়ে ছিল। আমরা তাদের ‘অদম্য কাপ’ টুর্নামেন্টের মাধ্যমে আবার মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। অথচ একটি দলকে এক সেকেন্ডেই নষ্ট করে দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর