কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তার সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী ও তার সব শ্রেণির সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে নিয়ে কোথাও সমালোচনা বা কটু মন্তব্য করা হলে সেখানে গিয়ে যেন কেউ পাল্টা খারাপ ভাষা ব্যবহার না করেন।
পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ—আমাকে নিয়ে যেসব জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা কটু কথা বলা হয়, সেসব স্থানে গিয়ে আপনারা খারাপের জবাবে খারাপ কথা বলে কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।”
তিনি আরও বলেন, সমর্থকরা চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা নীরব থেকে এড়িয়ে যাবেন। তবে কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা না বলার আহ্বান জানান তিনি। ‘মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য’, উল্লেখ করেন এমপি আমির হামজা।

নিজের বিরুদ্ধে কটূক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব বিষয়ে তার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি দাবি করেন, এ ধরনের সমালোচনায় তিনি বিচলিত নন এবং ‘নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর