দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন আ ন ম এহছানুল হক মিলন। এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠ গ্রহণ করবে। বাকি দিনগুলোতে পাঠদান চলবে অনলাইনের মাধ্যমে এবং শুক্রবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ‘টেকনিক্যাল কোর্স’ অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত জাতীয় কর্মশালার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। প্রশ্ন প্রণয়ন থেকে ফল প্রকাশ পর্যন্ত অতিরিক্ত সময় ব্যয়ের ফলে কর্মকর্তারা সুবিধা পেলেও শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ সময় হারাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত না রেখে শ্রেণিকক্ষে পাঠদানে নিয়োজিত করা জরুরি। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পরিদর্শকের অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ তুলে কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন। বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসে তা দেশে প্রয়োগ না করার প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তত তিন বছর শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের নির্দেশনার কথাও জানান তিনি।
ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান যথাযথ লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
এছাড়া বর্তমানে ‘ডিজিটাল নকলের’ প্রবণতা বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর