• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ দুপুর

নুসুক কার্ড কী? হজযাত্রীদের জন্য কেন বাধ্যতামূলক?

ছবি: সংগৃহীত

চলতি বছর হজ পালনের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হজযাত্রীর জন্য একটি বিশেষ নথি বহন করা এখন থেকে বাধ্যতামূলক করেছে সৌদি আরব। সেটি হলো নুসুক কার্ড। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এটি এমন এক স্মার্ট আইডি কার্ড যা ছাড়া কোনো হজযাত্রী পবিত্র স্থানে প্রবেশ কিংবা কোনো সেবা গ্রহণ করতে পারবেন না। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে নিজ দেশে ফেরা পর্যন্ত প্রত্যেক নিবন্ধিত হজযাত্রীকে সার্বক্ষণিক এই কার্ডটি সাথে রাখতে হবে। 

নুসুক কার্ড সম্পর্কে হজযাত্রীদের যা যা জানা জরুরি, বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

নুসুক কার্ড আসলে কী?

নুসুক কার্ড হলো সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইস্যু করা একটি অফিসিয়াল স্মার্ট পরিচয়পত্র। এটি মূলত একজন নিবন্ধিত হজযাত্রীর প্রধান পরিচয়পত্র হিসেবে কাজ করে। এই কার্ডে হজযাত্রীর ব্যক্তিগত তথ্য, শারীরিক বা চিকিৎসাসংক্রান্ত রেকর্ড এবং সৌদি আরবে তার আবাসনের বিস্তারিত তথ্য জমা থাকে। এটি একই সাথে ফিজিক্যাল কার্ড এবং ডিজিটাল অ্যাপ—উভয় পদ্ধতিতেই ব্যবহার করা যায়। মিনা, আরাফাত ও মুজদালিফার মতো পবিত্র স্থানগুলোতে প্রবেশের জন্য এটি একটি বৈধ পাস হিসেবে গণ্য হবে। 

এই কার্ড কেন এত গুরুত্বপূর্ণ?

সৌদি আরবে একজন হজযাত্রীর আইনি বৈধতা প্রমাণের একমাত্র মাধ্যম হলো এই নুসুক কার্ড। এটি শুধু একটি পরিচয়পত্র নয় বরং হজের বিশাল ব্যবস্থাপনায় এটি নানা কাজে লাগে। যেমন : 

১. কর্তৃপক্ষের দ্রুত তথ্য যাচাই এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি সহায়তা করে।
২. মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে হাজিদের আবাসনের ঠিকানা এতে সংরক্ষিত থাকে। ফলে কেউ পথ হারিয়ে ফেললে সহজেই
তাকে নির্দিষ্ট গ্রুপে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
৩. হজযাত্রীদের জন্য নির্ধারিত বাসে ওঠা এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ব্যবস্থাপনায় এটি ব্যবহৃত হয়।
৪. প্রত্যেক হজযাত্রীকে তার নির্ধারিত সার্ভিস প্রোভাইডার বা এজেন্সির সাথে সংযুক্ত রাখে এই কার্ড। 

ব্যবহারের নিয়মাবলি

হজযাত্রীদের সৌদি আরবে পা রাখার পর থেকে দেশ ছাড়ার আগ পর্যন্ত সবসময় এই কার্ডটি সাথে রাখতে হবে। এটি ব্যাগে বা সিন্দুকে তুলে রাখার কোনো বস্তু নয়। পবিত্র স্থানগুলোতে প্রবেশ, বাসে ওঠা কিংবা যেকোনো সেবা নেওয়ার সময় কর্তৃপক্ষ এটি দেখতে চাইলে তা প্রদর্শন করতে হবে।

ডিজিটাল নুসুক কার্ড পাবেন যেভাবে

মূল কার্ডের পাশাপাশি হজযাত্রীরা তাদের স্মার্টফোনে ডিজিটাল ভার্সনও ব্যবহার করতে পারবেন। সারা বিশ্বের হাজিদের জন্য নুসুক অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলে নুসুক কার্ড আইকনে ট্যাপ করলেই ডিজিটাল কার্ডটি পাওয়া যাবে। এছাড়া সৌদি আরবে বসবাসরত হাজিরা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমেও এটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপে পবিত্র কোরআন, নামাজের সময়সূচি এবং ওমরাহ পারমিটের সুবিধাও রয়েছে। 

কার্ড হারিয়ে গেলে করণীয়

ভুলবশত নুসুক কার্ড হারিয়ে ফেললে চিন্তার কিছু নেই। সেক্ষেত্রে হজযাত্রীরা নিচের পদক্ষেপগুলো নিতে পারবেন:

অবিলম্বে নিজ কাফেলার নেতা বা মোয়াল্লিমকে জানাতে হবে।
নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের ডিজিটাল কার্ডটি ব্যবহার করতে হবে।
নিকটস্থ নুসুক কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে।
এছাড়া ইউনিফাইড কল সেন্টার ১৯ ৬৬ নম্বরে কল করে সহায়তা চাওয়া যাবে।
মক্কায় প্রবেশে কিছু নতুন বিধিনিষেধ

চলতি বছরের ১৩ এপ্রিল থেকে বৈধ পারমিট ছাড়া প্রবাসী বা স্থানীয়দের মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১৮ এপ্রিলের মধ্যে ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক অ্যাপের মাধ্যমে সব ধরনের ওমরাহ পারমিট ইস্যু করা বন্ধ থাকবে। এই সময়ে শুধু হজ ভিসাধারীরাই মক্কায় প্রবেশের অনুমতি পাবেন।

সূত্র: গালফ নিউজ।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com