শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে বরগুনায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন উপলক্ষে মা-বাবার প্রতি সন্তানের ভক্তি ও সমাজের নানা অনাচার দূর করার লক্ষ্যে মাতৃ-পিতৃ পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। রবিবার বেলা ১১টায় বরগুনা সার্বজনীন আখড়াবাড়ীতে ৫০ জন সন্তান তাদের মা ও বাবাকে পূজা করেন। মাদক ও মোবাইল আসক্তি থেকে মুক্ত থাকা এবং সমাজের বিভিন্ন অনাচার ও পারিবারিক সুশিক্ষা গঠনে মাতা-পিতার প্রতি সন্তানের মমত্ব অক্ষুণ্ণ বজায় রাখার জন্য বরগুনায় এই মাতৃ-পিতৃ পূজা অনুষ্ঠিত হয়।
এর আগে ৬০তম গুরুনাম সংকীর্তন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আখড়াবাড়ী থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বাদ্যযন্ত্র সহকারে সবাই গুরুনাম সংকীর্তন করতে থাকেন। এরপর শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে পাঁচ দিনব্যাপী ৪০ প্রহর গুরুনাম সংকীর্তন শুরু হবে। কীর্তন উপলক্ষে শত শত সনাতন ধর্মপ্রাণ মানুষ গুরুনাম সংকীর্তন শ্রবণ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন।
বরগুনায় অবধূত সংঘের আয়োজনে এই পূজা ও গুরুনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা অবধূত সংঘের সাধারণ সম্পাদক বিজন দাস জানান, মাদক ও সমাজের অনাচার দূর করার জন্য এবং বাবা-মা ও পরিবারের প্রতি মমত্ববোধ ও সুশৃঙ্খল জীবন গঠনের জন্য বরগুনায় প্রথম এই মাতৃ-পিতৃ পূজার আয়োজন করা হয়েছে। সংঘের সভাপতি দীপক কর্মকার জানান, গুরুনাম সংকীর্তন সাত দিনব্যাপী চলমান থাকবে। এই কীর্তনে সনাতন ধর্মের শত শত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন। বরগুনা জেলা ও দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে আত্মশুদ্ধি লাভের জন্য গুরুনাম সংকীর্তন শ্রবণ করবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন। আগামী ২৫ এপ্রিল শনিবার মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এই গুরুনাম সংকীর্তন শেষ হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর