সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্যের নাম ইমন আচার্য্য (বিপি নম্বর- ৯৮১৮২১৯২০৫)।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হলে আইসিসিইউ-২ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় সিলেট মহানগর পুলিশর একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এ সময় ছিনতাইকারীকে দৌড়ে পালাতে দেখে র্যাব সদস্য ইমন আচার্য্যও তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি ছিনতাইকারীকে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, দায়িত্ব পালনরত পুলিশের ধাওয়া দেখে র্যাব সদস্য ইমন ঘটনাস্থলে সহায়তা করতে এগিয়ে যান। ছিনতাইকারীকে আটক করার মুহূর্তেই তাকে ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
অন্যদিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বুকের বাম পাশে গুরুতর ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ইমন আচার্য্যের মৃত্যু হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর