ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ বা সীমিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপের একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। খবর বিবিসি।
বুধবার অনুষ্ঠিত ভোটে ২১৫-২০৮ ব্যবধানে প্রস্তাবটি অনুমোদিত হয়। চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির বিরুদ্ধে অবস্থান নেন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের অনুমোদন না থাকায় দীর্ঘদিন ধরে এর বৈধতা নিয়ে বিতর্ক চলছিল।
তবে প্রস্তাবটি এখনো সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে এটি পাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো দিতে পারেন। সে ক্ষেত্রে ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে।
ভোটের পর রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, “যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের। এটি আমাদের সংরক্ষণ করতে হবে।” ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি আমার বিবেক অনুযায়ী ভোট দিয়েছি।”
প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস এই ভোটকে ট্রাম্পের “অবৈধ ও ব্যয়বহুল” ইরান যুদ্ধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বিদলীয় বার্তা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই যুদ্ধ ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং জ্বালানির দাম বাড়িয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানকে আরও কঠিন করে তুলেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চালায় এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যা বৈশ্বিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে ৮ এপ্রিল উভয় দেশ একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও সাম্প্রতিক দিনগুলোতে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ অবস্থায় প্রতিনিধি পরিষদের এই ভোটকে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ভোটের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা “খুব ভালোভাবে এগোচ্ছে” এবং চলতি সপ্তাহান্তেই একটি চুক্তি হতে পারে। তিনি বলেন, তার প্রশাসন সংঘাতের অবসান চায় এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর