মুহূর্তের মধ্যেই যেন ওলটপালট হয়ে গেল আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহোর জীবন। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ দুটি ভূমিকম্প কেড়ে নিয়েছে তার সবচেয়ে প্রিয় তিনজন মানুষকে স্ত্রী ও দুই সন্তানকে।
দেশটির শীর্ষ লিগের ক্লাব মারিতিমো দে লা গুইরা এক বিবৃতিতে জানিয়েছে, ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহো ভবন ধসে নিহত হয়েছেন।
ইয়ারাকুই অঞ্চলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে প্লায়া গ্রান্দেতে অবস্থিত তাদের আবাসিক ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পর থেকেই ত্রেহোর পরিবারের সদস্যরা নিখোঁজ ছিলেন। পরিবার, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীরা টানা অনুসন্ধান চালালেও শেষ পর্যন্ত তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকারী দল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
মর্মান্তিক এই ঘটনার সময় পরিবারের সঙ্গে ছিলেন না ত্রেহো। আসন্ন ম্যাচের প্রস্তুতিতে তিনি ক্লাব মারিতিমোর সঙ্গে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। দূর থেকে অসহায় অপেক্ষায় স্ত্রী ও সন্তানদের খোঁজের প্রহর গুনতে হয়েছে এই আর্জেন্টাইন ফুটবলারকে।
পরিবারের কোনো সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হৃদয়স্পর্শী এক আবেদন জানান ত্রেহো। তিনি লিখেছিলেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন। কেউ যদি তাদের দেখে থাকেন, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই, তারা তখন ভবনের ভেতরে ছিল না।’
শোকবার্তায় দেপোর্তিভো লা গুইরা জানিয়েছে, ‘আমরা খেলোয়াড় লুকাস ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহোর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং লুকাস ও তার স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
কুশল/সাএ
সর্বশেষ খবর