• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০১:০৮ দুপুর

শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পাশে নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে হওয়া সমঝোতা ভেস্তে দিতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি মধ্যপ্রাচ্যকে রক্তপাত ও সংঘাতের দিকে ঠেলে দেয়ার সুযোগ ‘যুদ্ধে আসক্ত’ ইসরায়েলি সরকারকে আর দেয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, শনিবার ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় ও প্রতিনিধিদল পর্যায়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে দেয়ার জন্য ইসরায়েলি প্রশাসনের প্রচেষ্টা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যুদ্ধে আসক্ত ইসরায়েলি সরকারকে আবারও আমাদের এই অঞ্চলকে বারুদ আর রক্তের গন্ধে ভরিয়ে দেয়ার সুযোগ দেয়া যাবে না।’

এরদোয়ান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সব মানুষ যেন শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে, তুরস্ক সেই পরিবেশ চায়। তিনি বলেন, ‘এ অঞ্চলের দেশগুলোর ইচ্ছা ও অংশগ্রহণ ছাড়া কোনও সমাধানই স্থায়ী হতে পারে না।’

তার ভাষায়, ‘আমরা বিশেষ করে ভ্রাতৃপ্রতিম পাকিস্তানসহ অন্যান্য দেশের সঙ্গে সংহতি বজায় রেখে এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে কাজ চালিয়ে যাব’। এরদোয়ান বলেন, শেহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলকে ইস্তাম্বুলে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে গত শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

তিনি জানান, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতার প্রসঙ্গ উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের কারণে বিশ্বজুড়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে’। তিনি এ সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেহবাজ শরিফ ও পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানান।

এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চলে উত্তেজনা কমানো এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে সহায়ক প্রতিটি পদক্ষেপকে আমরা সমর্থন করেছি এবং ভবিষ্যতেও করব’। তিনি অভিযোগ করেন, তেল আবিব এখনও এই সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে। একই সঙ্গে ইসরায়েল লেবানন ও সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে।

তার দাবি, গাজায় ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েল ‘অবৈধ ও অমানবিক’ হামলা চালিয়ে যাচ্ছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে এরদোয়ান বলেন, তুরস্ক ও পাকিস্তান সব ক্ষেত্রে একে অপরের পাশে রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছি।’

এরদোয়ান জানান, করাচিতে তুর্কি ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, শেহবাজ শরিফ যে ব্যবসায়িক ফোরামে অংশ নিয়েছেন, সেটি বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে। এরদোয়ান বলেন, ‘আমরাও আমাদের বিনিয়োগকারীদের পাকিস্তানে আরও বেশি বিনিয়োগে উৎসাহিত করছি।’

তিনি জানান, দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা নতুন নতুন প্রকল্পের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তার মতে, ধাপে ধাপে বাস্তবায়ন হওয়া এসব প্রকল্প পাকিস্তানকে আরও শক্তিশালী করবে।

এরদোয়ান আরও বলেন, ‘জ্বালানি, পরিবহন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং তথ্যপ্রযুক্তি খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চাই। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আবারও সে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]