মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইনসহ পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসর। কায়রো এ ঘটনাকে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের ‘চরম লঙ্ঘন’ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ‘অগ্রহণযোগ্য উসকানি’ হিসেবে উল্লেখ করেছে। খবর আল জাজিরার।
বুধবার (৮ জুলাই) মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে—এমন যেকোনো পদক্ষেপ মিসর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে মিসর জানায়, দেশ দুটির নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকির মোকাবিলায় তারা পাশে থাকবে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই নয়, বরং মিসরের জাতীয় নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলের শান্তি-স্থিতিশীলতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
ইরানের সাম্প্রতিক হামলার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের পুনরাবৃত্ত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর পক্ষে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা অজুহাত থাকতে পারে না।
কুশল/সাএ
সর্বশেষ খবর