ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের জন্য নির্ধারিত শহর মাশহাদের সঙ্গে তেহরানের রেল যোগাযোগ যুক্তরাষ্ট্রের হামলার কারণে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআরবি জানায়, মার্কিন হামলায় তেহরান-মাশহাদ রেলপথের একটি অংশ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় দুটি সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের মুখপাত্র তাসনিম নিউজকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রেলপথটি দ্রুত সচল করতে মেরামতের কাজ চলছে। তেহরান থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ পর্যন্ত এই রেলপথটি দেশটির অন্যতম ব্যস্ত রেল রুট হিসেবে পরিচিত।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর হামলা চালানো হয়েছে এবং প্রয়োজনে আরও হামলা হতে পারে।
এদিকে আয়াতুল্লাহ খামেনির মরদেহ বহনকারী মাহান এয়ারের একটি বিমান মাশহাদ বিমানবন্দরে অবতরণ করেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিমানটিকে অবতরণের পর বিমানবন্দরে চলাচল করতে দেখা গেছে। মাশহাদ শহরটি খামেনির জন্মস্থান হিসেবেও পরিচিত।
খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকে শোক কর্মসূচি চলছে। ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় লাখো মানুষের অংশগ্রহণে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। নাজাফ থেকে মাশহাদে তার কফিন স্থানান্তরের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা ও দাফন কার্যক্রমের চূড়ান্ত পর্ব সম্পন্ন হচ্ছে।
খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তাকে মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজারের পাশে দাফন করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর