বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা যত বাড়ছে, ততই সরগরম হয়ে উঠছে সামাজিক যোগাযোগমাধ্যম। মাঠের লড়াইয়ের পাশাপাশি শোবিজ তারকাদের মজার খোঁচাখুঁচিও দর্শকের নজর কাড়ছে। আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনায় এনেছে চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে তার পুরোনো বাকযুদ্ধ। ‘মৌসুমী আপার চাবুক’ প্রসঙ্গ টেনে করা সেই রসিকতা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করার পর ওমর সানীকে ট্যাগ করে একটি রসাত্মক পোস্ট দেন জয়। সেই পোস্টেই তিনি লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না, একদম অরিজিনাল।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র এক ঘণ্টার মধ্যেই এতে জমা পড়ে হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্য। অনেকেই জয়ের রসবোধের প্রশংসা করেন, আবার অনেকে ওমর সানীর সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া নিয়েও মজার মন্তব্য করেন।
মূলত, এই ‘চাবুক’ প্রসঙ্গের সূত্রপাত কয়েকদিন আগে। ব্রাজিল সমর্থক ওমর সানী ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে একটি ভিডিও বক্তব্য দেওয়ার পর তা নিয়ে কৌতুক করেন শাহরিয়ার নাজিম জয়। এর জবাবে ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, “শোন শাহরিয়ার নাজিম জয় তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। সাবজেক্ট খেলাধুলা ফান।”
ওমর সানীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আর্জেন্টিনার জয়ের পর সেই পুরোনো প্রসঙ্গ টেনে জয় নতুন করে রসিকতা করেন। তার ইঙ্গিত ছিল—আর্জেন্টিনার গোলগুলো ছিল ঠিক ‘অরিজিনাল চাবুকের’ আঘাতের মতোই নিখুঁত, শক্তিশালী ও কার্যকর।
জয়ের পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয় হাস্যরসের বন্যা। নেটিজেনদের একজন লিখেছেন, “এই পোস্টের পরে কি ওমর সানী আবারো আপনাকে আসল চাবুকের ভয় দেখাবেন?” একই ধরনের মন্তব্য করেছেন আরো অনেক ভক্ত। সব মিলিয়ে দুই তারকার মজার বাকযুদ্ধ ফুটবল উন্মাদনার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর