মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোর্সটি শেষ করে সনদ ডাউনলোড করতে হবে।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
যেভাবে কোর্সে যুক্ত হবেন
মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ কোর্সটি পাওয়া যাবে। শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশন করে কোর্সে অংশ নিতে পারবেন।
কোর্সে অংশ নেওয়ার নির্ধারিত লিংক: https://itlms.naem.gov.bd/my/scorm-courses
প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি মডিউল রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।
শ্রেণি কার্যক্রম শেষ করার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।
মিলবে মাউশি-নায়েমের সনদ
ছয়টি মডিউল ও নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পর শিক্ষকরা অনলাইন থেকে প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষকদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করে সনদ সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর