মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, শুধুমাত্র সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০(এ) ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন নির্ধারণ করা রয়েছে। কেউ এসব কারিগরি স্পেসিফিকেশন লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।
বিআরটিএর আইনজীবী জানান, আদালত স্পষ্ট করে বলেছেন- বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই রাস্তায় চলাচল করবে। স্লিপার বাস চলাচলের অনুমতি না থাকায় হাইকোর্টও এ ধরনের বাস চালানোর অনুমতি দেয়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর