প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও মমত্ববোধ দেখাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকার সাভার উচ্চবালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। পাশাপাশি ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলগতভাবে কাজ করার মানসিকতাও গড়ে তোলে।
এ ছাড়া গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের ক্বিরাত চর্চারও পরামর্শ দেন তিনি।
এদিন চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা জাতীয় সংসদ ভবনে এসে সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পান তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, তার দিকনির্দেশনা ও পরামর্শ তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। এই সাক্ষাৎ তাদের জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলেও জানায় তারা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর