জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহু যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছিলেন, তখন সদর দপ্তরের বাইরে বিক্ষোভ থেকে হলিউড তারকা, মানবাধিকারকর্মী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রার্থীসহ শতাধিক মানুষকে আটক করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে নিউইয়র্ক পুলিশ অন্তত ৩০ জনকে আটকের কথা জানায়। পরে বিক্ষোভের আয়োজক ‘জিউইশ ভয়েস ফর পিস’ (জেভিপি) দাবি করে, তাদের কর্মসূচি থেকে মোট ১০৪ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে অস্কারজয়ী অভিনেত্রী সুজান সারান্ডন, ‘হ্যাকস’ তারকা হান্না আইনবাইন্ডার, অভিনেত্রী ডেবরা উইঙ্গার, মডেল ও অভিনেত্রী ইন্ডিয়া মুর, হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, লেখক গ্লেনন ডয়েল এবং মানবাধিকারকর্মী লিন্ডা সারসুর ছিলেন।

বিক্ষোভকারীরা প্রথম অ্যাভিনিউতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশের সরে যাওয়ার নির্দেশ অমান্য করার পর তাদের আটক করা হয়। জেভিপির দাবি, বিক্ষোভে প্রায় ৪০০ ইহুদি, ফিলিস্তিনি, ইরানি ও লেবানিজ বংশোদ্ভূত নিউইয়র্কবাসী অংশ নেন। তারা ‘ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেন এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি জানান।
পরে ব্রায়ান্ট পার্ক থেকে কয়েক হাজার মানুষের আরেকটি মিছিল জাতিসংঘ সদর দপ্তরের দিকে এগিয়ে যায়। মিছিল থেকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানানো হয়।
এদিকে নেতানিয়াহুর ভাষণের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ থেকে বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি বেরিয়ে যান বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। ভাষণে নেতানিয়াহু ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। পাশাপাশি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোরও সমালোচনা করেন তিনি।
নেতানিয়াহুকে ঘিরে বিক্ষোভের অন্যতম বিষয় ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা। ২০২৪ সালের ২১ নভেম্বর আইসিসি নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সূত্র: রয়টার্স ও দ্য গার্ডিয়ান
সাজু/নিএ
সর্বশেষ খবর