যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ। ঘটনাটি ১৯৯৬ সালের। পরের বছরই জারি হয় ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা। এরপর কেটে গেছে প্রায় তিন দশক। কিন্তু অভিযুক্ত চিকিৎসক জাহিদুল ইসলামকে এখনও খুঁজছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—FBI।
BD24Live-এর অনুসন্ধানে দেখা গেছে, জাহিদুলের সন্ধান শুধু FBI-এর ওয়ান্টেড তালিকাতেই সীমাবদ্ধ নয়। INTERPOL-এর Red Notice-উৎসভিত্তিক রেকর্ডেও তার নাম পাওয়া যায়। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, তার জাতীয়তা ও জন্মস্থান নিয়ে পুরোনো ও বর্তমান নথিতে রয়েছে অসঙ্গতি। FBI-এর বর্তমান নথিতে তাকে বাংলাদেশে জন্ম নেওয়া বাংলাদেশি নাগরিক বলা হলেও ২০০৮ সালে প্রকাশিত একটি FBI-ভিত্তিক মার্কিন প্রতিবেদনে তার জন্মস্থান ও জাতীয়তা পাকিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছিল।
কী ঘটেছিল ১৯৯৬ সালে
FBI-এর বর্তমান ওয়ান্টেড নোটিশ অনুযায়ী, ১৯৯৬ সালের ৩ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে ঘটনাটি ঘটে।
সংস্থাটির অভিযোগ, সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত জাহিদুল ইসলাম অস্ত্রোপচারের পর হাসপাতালে সুস্থ হয়ে ওঠা এক নারী রোগীকে এমন ওষুধ দেন, যাতে তিনি ঝিমিয়ে পড়েন। এরপর হাসপাতালের কক্ষেই ওই রোগীকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর জাহিদুল ইসলামের বিরুদ্ধে পেনসিলভানিয়ায় অঙ্গরাজ্য পর্যায়ে অভিযোগ আনা হয়। পরবর্তীতে ১৯৯৭ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
FBI মামলাটিকে ‘Unlawful Flight to Avoid Prosecution – Involuntary Deviate Sexual Intercourse’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
FBI-এর বর্তমান নথিতে তিনি বাংলাদেশি
FBI-এর বর্তমান তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলামের জন্ম ১৯৫৫ সালের ১ অক্টোবর বাংলাদেশে। তার জাতীয়তাও ‘Bangladeshi’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পেশার ঘরে লেখা রয়েছে ‘Medical Doctor’।
তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন প্রায় ১৬০ পাউন্ড বা ৭৩ কেজি। চুল কালো ও চোখ বাদামি। FBI-এর নথিতে তার NCIC নম্বর W013165275।
সংস্থাটি বলছে, জাহিদুল ইসলামের নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং কানাডার মন্ট্রিয়লের সঙ্গে যোগাযোগ রয়েছে। তিনি চশমা ব্যবহার করতে পারেন। তার স্ত্রীও একজন চিকিৎসক এবং তিনি স্ত্রীর সঙ্গে চলাফেরা করতে পারেন বলে FBI জানিয়েছে।
FBI তাকে ‘armed and dangerous’ হিসেবে বিবেচনা করার সতর্কতাও দিয়ে রেখেছে।
পুরোনো নথিতে আবার ‘পাকিস্তানি’
এখানেই পাওয়া যায় একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি।
২০০৮ সালের ৫ মার্চ মার্কিন সংবাদমাধ্যম ABC News-এর ‘Fugitive Watch: Wanted by the FBI’ প্রতিবেদনে একই জাহিদুল ইসলামের জন্মতারিখ ১ অক্টোবর ১৯৫৫, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ১৬০ পাউন্ড এবং পেশা চিকিৎসক উল্লেখ করা হয়েছিল।
কিন্তু ওই প্রতিবেদনে তার ‘Nationality’ লেখা হয়েছিল Pakistani এবং ‘Place of Birth’ও লেখা হয়েছিল Pakistan।
অন্যদিকে FBI-এর বর্তমান অফিসিয়াল নথিতে একই ব্যক্তির জন্মস্থান Bangladesh এবং জাতীয়তা Bangladeshi।
কেন পুরোনো রেকর্ডে পাকিস্তান এবং বর্তমান FBI নথিতে বাংলাদেশ—তার কোনো ব্যাখ্যা FBI-এর বর্তমান ওয়ান্টেড পেজে দেওয়া নেই।
INTERPOL-উৎসভিত্তিক রেকর্ডেও দুই দেশের উল্লেখ
অনুসন্ধানে জাহিদুল ইসলামের নামে INTERPOL Red Notice-এর একটি রেকর্ডও পাওয়া যায়। এর নম্বর 2012/5285।
INTERPOL-এর তথ্য সংরক্ষণকারী OpenSanctions ডেটাসেটে ওই রেড নোটিশের তথ্যের সঙ্গে FBI-এর জাহিদুল ইসলামের তথ্য মিলে যায়। জন্মতারিখ ১ অক্টোবর ১৯৫৫ এবং শারীরিক বর্ণনাসহ একাধিক তথ্য একই।
আরও তাৎপর্যপূর্ণ হলো, ওই ডেটায় তার জাতীয়তার ক্ষেত্রে Bangladesh এবং Pakistan—দুই দেশেরই উল্লেখ রয়েছে।
রেড নোটিশ-সংক্রান্ত রেকর্ডে তার বিরুদ্ধে Aggravated Indecent Assault, Involuntary Deviate Sexual Intercourse, Indecent Assault, Sexual Assault, Unlawful Restraint, Indecent Exposure, Recklessly Endangering Another Person এবং Simple Assault-সহ একাধিক অভিযোগের উল্লেখ পাওয়া যায়।
তবে INTERPOL-এর Red Notice কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার নথি নয়; এটি সংশ্লিষ্ট দেশের অনুরোধে কোনো ব্যক্তিকে খুঁজে বের করা ও আইনি প্রক্রিয়ার জন্য সাময়িকভাবে আটক করার আন্তর্জাতিক অনুরোধ।
২০২৬ সালেও থামেনি খোঁজ
প্রায় তিন দশক পার হলেও জাহিদুলকে খোঁজার তৎপরতা বন্ধ হয়নি।
২০২৬ সালের জানুয়ারিতে ফিলাডেলফিয়ার FOX 29-ও জানায়, ২৯ বছর আগের ওই মামলায় জাহিদুল ইসলামের সন্ধানে আবার জনসাধারণের সহযোগিতা চাইছে FBI।
বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালেই FBI সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত সাতবার জাহিদুলের বিষয়ে তথ্য চেয়েছে। আগস্টেও তাকে নিয়ে নতুন করে প্রচার চালানো হয়।
অর্থাৎ ১৯৯৭ সালের গ্রেপ্তারি পরোয়ানার প্রায় ৩০ বছর পরও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ওয়ান্টেড তালিকায় রয়েছেন তিনি।
কোথায় আছেন জাহিদুল?
এ প্রশ্নের উত্তর এখনও অজানা।
FBI শুধু জানিয়েছে, নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার মন্ট্রিয়লের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। বর্তমান অবস্থান সম্পর্কে সংস্থাটি প্রকাশ্যে নিশ্চিত কোনো তথ্য দেয়নি।
তার বাংলাদেশের স্থায়ী ঠিকানা, কোন মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন কিংবা বাংলাদেশে কখনও চিকিৎসক হিসেবে কাজ করেছেন কি না—এসব তথ্যও BD24Live-এর অনুসন্ধানে নির্ভরযোগ্য সরকারি বা প্রাথমিক উৎস থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে FBI-এর বর্তমান রেকর্ড স্পষ্টভাবে তাকে বাংলাদেশে জন্মগ্রহণকারী এবং বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করছে।
প্রায় ৩০ বছর ধরে অধরা এই চিকিৎসকের পরিচয়ের ক্ষেত্রে পুরোনো নথিতে পাকিস্তান এবং বর্তমান নথিতে বাংলাদেশের উল্লেখ নতুন প্রশ্ন তৈরি করেছে। কিন্তু তার অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত প্রকাশ্যে উত্তর মেলেনি।
FBI বলছে, জাহিদুল ইসলাম সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে স্থানীয় FBI কার্যালয় অথবা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
প্রবাসে বাংলা এর সর্বশেষ খবর