ভারতের কেন্দ্রীয় সরকারের পরিবর্তনের দাবিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সুর মিলিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা শশী থারুর। ‘এই সরকারের পতন হবে’—এমন স্লোগান দিয়ে সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) কার্যক্রম ঘিরে বিরোধীদের বিক্ষোভ জোরালো হওয়ার মধ্যেই থারুরের এ বক্তব্য সামনে এল।
রাহুল গান্ধীর একটি পোস্ট পুনরায় শেয়ার করে একই স্লোগান দেন থারুর। গত ১০ অক্টোবর রাহুলও ‘এই সরকারের পতন হবে’ স্লোগানটি ব্যবহার করেছিলেন। থারুর তাঁর পোস্টের ক্যাপশনেও একই কথা লেখেন।
এসআইআর নিয়ে বিরোধীদের ক্ষোভ
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পরিচালিত এসআইআর কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা জোরদার করেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। প্রধান নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে আয়োজিত বিক্ষোভ নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা।
রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর পদত্যাগ দাবি করেছেন। অন্যদিকে, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন চাপ সৃষ্টিকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছে।
যন্তর-মন্তরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা
গত ১০ অক্টোবর দিল্লির যন্তর-মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধীদের আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিক্ষোভের কর্মসূচি অনেকটাই বাধাগ্রস্ত হয়।
এ সময় সংগঠনটির শীর্ষ নেতৃত্বের কয়েকজন সদস্যের পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় ও পিনারাই বিজয়নসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করা হয়।
নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিরোধীদের প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের পরিবর্তনের দাবিকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর