উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তুলতে নাটোরে উদ্যোক্তা ও অংশীজনদের নিয়ে টাউন হল সভা করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় জানানো হয়, কৃষি খাতের উন্নয়নে সারা দেশে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মধ্যে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার কোটি টাকা।
এ তহবিল থেকে কৃষি উৎপাদন, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা ঋণ পাবেন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ ৩৯টি ব্যাংকের মাধ্যমে ৭ শতাংশ সুদে জামানত ছাড়াই সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ নেওয়ার সুযোগ থাকবে বলে সভায় জানানো হয়।
সভায় বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। যোগ্য উদ্যোক্তারা যাতে সহজে এ ঋণ নিতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
সভায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিম।
কুশল/সাএ
সর্বশেষ খবর