কক্সবাজারের ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গায় বসবাসরত ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার নুর আলমের স্ত্রী ফারিয়া কবীর ও তাঁদের পাঁচ বছর বয়সী শিশুসন্তান ফায়িজান। এ ঘটনায় নুর আলমের আরও তিন শ্যালিকা ও এক শ্যালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফারিয়া কবীরের গ্রামের বাড়ি বরিশালে। চাকরির সুবাদে গত আট বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় বসবাস করছিলেন নুর আলম।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে যান তাঁরা। সেখানে ইনানীর টুপটুপ রিসোর্টে শনিবার সকালে আগুন লাগলে প্রাণ হারান ফারিয়া কবীর ও তাঁদের শিশুসন্তান ফায়িজানসহ পরিবারের ছয় সদস্য।
স্ত্রী ও সন্তানের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই কক্সবাজারের উদ্দেশে রওনা হন নুর আলম। একসঙ্গে স্ত্রী, সন্তান ও শ্যালক-শ্যালিকাদের হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েছেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও পরিচিতজনদের মধ্যে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর