• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৩:৪০ দুপুর

অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ভারত

ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটের গ্রুপ–১ থেকে আজ রোববার (১ মার্চ) নির্ধারিত হবে শেষ সেমিফাইনালিস্ট। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ভারত জা মুখোমুখি হচ্ছে অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’। কলকাতার ইডেন গার্ডেন্স-এ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। টানা দুই হার নিয়ে সুপার এইট থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের।

গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বড় জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করলেও দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের হারে ছন্দ হারায় ক্যারিবীয়রা। দুই ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট।

অন্যদিকে ভারতের গল্পও প্রায় একই। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে সুপার এইটে উঠে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারে সূর্যকুমার যাদবের দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের জয়ে দৌড়ে ফিরে আসে তারা। দুই ম্যাচে ভারতেরও পয়েন্ট ২। অর্থাৎ সমীকরণ একদম স্পষ্ট— যারা জিতবে তারাই সেমিফাইনালে। হারলেই বিদায়।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ জানিয়ে দিয়েছেন ম্যাচের গুরুত্ব, “কোনো কিছু সহজে আসবে না। ভারতের বিপক্ষে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, আমরা জানি। এমন ম্যাচে সেরা পারফরম্যান্স করাই আসল চ্যালেঞ্জ। তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) সেরাটা দিতে পারলেই দীর্ঘদিন পর আবার সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে।”

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আক্রমণাত্মক মানসিকতার ইঙ্গিত দিয়েছেন, “আমাদের সামনে একটাই লক্ষ্য—ভালো ক্রিকেট খেলে সেমিফাইনাল নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও জ্বলে উঠতে হবে।”

টি–টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৯ জয়ে এগিয়ে ভারত, ওয়েস্ট ইন্ডিজের জয় ১০টি। একটি ম্যাচ পরিত্যক্ত। সেমিফাইনালের দরজা অর্ধেক খোলা। সেটি পুরোপুরি খুলবে কার জন্য—ক্যারিবীয় শক্তি, নাকি ভারতীয় আগ্রাসন? উত্তর মিলবে আজ রাতেই।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com