খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় গত বছরের সহিংসতার বর্ষপূর্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পুনর্বাসন সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান ঘর নির্মাণ সামগ্রী, শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, এলাকার নিরাপত্তার জন্য সোলার ল্যাম্প পোস্ট এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পরিচালিত মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণের সফল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এমপি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে সংঘাতের পথ পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, 'পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জনগোষ্ঠীকে যতক্ষণ পর্যন্ত মূল স্রোতধারায় আনা না যাবে, ততক্ষণ পর্যন্ত স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। হঠকারী সিদ্ধান্ত ও সহিংসতা কেবল সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়। তাই বিভেদ ভুলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথে এগিয়ে আসতে হবে।'
উল্লেখ্য, গত বছর এই দিনে গুইমারার রামসু বাজারে সংঘটিত সহিংসতায় ৩ জন নিহত হন। সেই সময় সেনাবাহিনী, পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন এবং বেশ কিছু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগ করা হয়েছিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর